প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূতের সফর: নজর কাড়লেন এমপি আবুল কালামের পুত্রবধূ ইফফাত আরা ইতি

নারায়ণগঞ্জ নগরীর অন্যতম ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আয়োজিত এই ঐতিহাসিক পরিদর্শনের পুরো অনুষ্ঠান জুড়েই সার্বিক পরিবেশ ও উপস্থিতি দিয়ে সবার বিশেষ নজর কেড়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পুত্রবধূ ইফফাত আরা ইতি।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা, উৎসবমুখর পরিবেশ ও স্থানীয়দের আন্তরিক আতিথেয়তায় গভীর মুগ্ধতা প্রকাশ করেন। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তাঁর একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা ছিল এবং বিশেষ করে এমন একটি জায়গায় তিনি আসতে চেয়েছিলেন যেখানে পূর্বে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। এ সময় চমৎকার আয়োজনের জন্য তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে বিশেষ আকর্ষণের কেন্দ্রে ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পরিবার এবং তাঁর পুত্রবধূ ইফফাত আরা ইতি। অতিথিদের অভ্যর্থনা ও সার্বিক আয়োজনে তাঁর উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে।
উক্ত পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল, কোষাধ্যক্ষ সানি সাহা এবং আরিফুল ইসলাম ঝুমনসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
মার্কিন রাষ্ট্রদূতের আগমন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রাণবন্ত অংশগ্রহণে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ এলাকায় দিনভর এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট